টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর একটা আলাদা মাধুর্য আছে - তা সে ৯০-র দশকের স্টিভ ওয়ার অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকেই হোক বা হালের স্টিভ স্মিথের অসহায়প্রায় অস্ট্রেলিয়াকে হোক - আমন্ত্রণ জানিয়ে ঘরে ডেকে হোক বা তা রক্ষা করতে গিয়েই হোক - তাতে কোনও পার্থক্য নেই । বরাবরের আত্মবিশ্বাস ও ঔদ্ধত্যে ভরপুর এই দলটিকে মাটিতে মুখ থুবড়ে ফেলার চরম ইচ্ছা প্রতিপক্ষ কোন দলেরই বা হবে না ?
আজ এশিয়া মহাদেশের চতুর্থ দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে হারানোর কৃতিত্ব দেখায় বাংলাদেশ । সদ্য অনুমতিপ্রাপ্ত আফগানিস্থান এখনও তাদের টেস্ট খেলাই শুরু করেনি । তাই তাদের আপাতত ধর্তব্যের মধ্যে আনা হচ্ছে না ।
যাই হোক, অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের ১৭ বছর অপেক্ষা করতে হল (২০০০ সালে টেস্ট শিরোপা পাওয়ার পর) । ধন্য অধিনায়ক মুশফিকুর রহিম । যদিও আজকের এই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ মাত্র ৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছে - দুটো অস্ট্রেলিয়ায় (২০০৩) এবং দুটো ঘরের মাঠে (২০০৫-০৬) । (এই ৪টে ম্যাচেই অস্ট্রেলিয়া জয়লাভ করে) অর্থাৎ, সময়টা ১৭ বছর হলেও মাত্র ৫টা টেস্ট ম্যাচের অভিজ্ঞতায় বাংলাদেশ জয় ছিনিয়ে নিতে সফল হয় ।
এখন অস্ট্রেলিয়াকে 'কত তাড়াতাড়ি টেস্ট ম্যাচে হারানোর' প্রসঙ্গে বাকি তিনটি প্রতিবেশী দেশের (ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা) তুলনা করলে আকর্ষণীয় কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা থেকেই যায় । এবং আছেও তাই !
প্রথমে শ্রীলঙ্কার কথায় আসা যাক । বান্দুলা ওয়ার্নাপুরার অধিনায়কত্বে ১৯৮১-৮২ সাল নাগাদ টেস্ট খেলা শুরু করে ছোট্ট এই সমুদ্রবেষ্টিত দেশটি । গত বছর (২০১৬) অ্যাঞ্জেলো ম্যাথিউসের দাপটে অস্ট্রেলিয়াকে সিরিজ হোয়াইটওয়াশের (৩-০) মুখোমুখি হতে হলেও, এর আগে অস্ট্রেলিয়াকে একবার মাত্রই শ্রীলঙ্কার কাছে পরাজয়ের ভাগীদার হতে হয়েছিল । সনৎ জয়সূর্যের দল ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচে পরাজিত করে এবং সেটিই ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয় । মজার কথা, সেই সিরিজটি (৩ ম্যাচের সিরিজ, বাকি দুটি ড্র) শ্রীলঙ্কা জিতে যায় । তারপর এই ১৮ বছরে কেবলমাত্র ৩টি টেস্ট জয়ই শ্রীলঙ্কার ভাগ্যে জুটেছে । (এই পর্যন্ত শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের সংখ্যা ২৯) । অতএব, টেস্ট খেলতে শুরু করার ১৮টা বছর পর শ্রীলঙ্কা প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ জেতে - ১৩ বার মুখোমুখি হওয়ার পর ।
তাহলে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ এগিয়ে ।
কোনোপ্রকার সাসপেন্সে না গিয়ে ভারতবর্ষের প্রসঙ্গে আসা যাক । এশিয়া মহাদেশের প্রথম ক্রিকেট খেলুড়ে দেশ এবং বর্তমানে এক নম্বর টেস্ট দলেকে ২৭ বছর (যদিও সেই তুলনায় মাত্র ১০টি টেস্ট ম্যাচ) অপেক্ষা করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে প্রথমবার হারানোর জন্য । গুলাবরাই রামচন্দের নেতৃত্বে প্রথম জয়টি আসে (কানপুরে, ১৯৫৯) - সি কে নাইডুর পরাধীন ভারতবর্ষের ইংল্যান্ড সফরের (১৯৩২) ২৭ বছর পর । এর পরেও ভারত অস্ট্রেলিয়াকে বহুবার হারিয়েছে । তাদের দেশে গিয়ে হারিয়ে এসেছে ।
তবুও বাংলাদেশই এগিয়ে !
পাকিস্তান । কি আর বলবো ! প্রথম সাক্ষাতেই কেল্লাফতে । আবদুল হাফিজ কারদারের নেতৃত্বে ১৯৫২-তে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি এই দেশটির আর তার ৪ বছরের মাথায় প্রথম টেস্টেই অস্ট্রেলিয়া মাত (১৯৫৬) । এমনকি সিরিজেও (৩ ম্যাচের সিরিজ ১-০) ।
শেষ হাসি কার ঘরে ?
দেখতে গেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় জয়ের স্বাদ পেতে পাকিস্তানকে ২০টি বছর অপেক্ষা করতে হয়েছিল, যেখানে ভারতবর্ষ সেই একই পরিমান সময়ের ব্যবধানে খান ছয়েক জয়ের হাসি তো অবশ্যই হেসেছিল ।
No comments:
Post a Comment