Thursday, 3 August 2017

২০১৭, ৩ আগস্ট

বলছি কার্যকলাপ এক হলেও তার উদ্দেশ্য বা অভিসন্ধি এক নাও হতে পারে । সেদিনের ঘটনা -

৭৯এ-তে করে বারাসাত যাচ্ছি । উঠেছি শ্যামবাজারেই । পাতিপুকুর স্টপেজে একখান ছোকরা বাসে উঠল । বসলো ঠিক আমার সামনের সিটটিতে, টাকমাথা এক বয়স্ক ভদ্রলোকের পাশে । তখনই খেয়াল করলাম, ভদ্রলোকের বাঁ হাতের বুড়ো বাদে বাকি চারখানা আঙুলই গোড়া থেকে কাটা । দুর্ঘটনা বা কোনও রোমহর্ষক কাহিনির পরিণাম হতে পারে । অস্বাভাবিক কোনোকিছু দেখলেই তার পেছনে কোনও না কোন উদ্ভট গল্প কল্পনা করার বাতিক আমার বহুদিনের । তাই কি করে চারটে আঙুল কাটা পড়তে পারে, এই নিয়ে হ্যান-ত্যান ভাবতে লাগলাম । ভদ্রলোকটি পাশে বসলে না হয় আগ্রহ দেখিয়ে ঘটনাটা (বা আদৌ কোনও ঘটনা আছে কি না) জিজ্ঞেস করা যেত কিন্তু পিছনে বসে সেটা করা ঠিক ধাতে সইবে না । কিছুক্ষণ পর দেখি পাশের ছোকরাটিও উনার হাতখানা লক্ষ্য করছে । আমার মতো তারও চোখেমুখে কৌতূহল । ভালোই হল, আমার হয়ে সেই না হয় প্রশ্নটা করুক । এদিকে ভদ্রলোকটিও দেখি টের পেয়েছেন । ধরাবাঁধা প্রশ্ন আসবে । এর আগেও কতশত অনুসন্ধিৎসুর কৌতূহল মিটিয়ে থাকবেন । হয়তো মুখস্থ হয়ে গেছে উত্তর । তবুও মনে হল একটু গুছিয়ে নিলেন । আমিও মাথা বাড়ালাম । বাব্বা, দেখি কি আমার পাশের জনও আমাকে ফলো করছে । যাই হোক, তিন তিনখানি শ্রোতা । ছোকরাটি মাথা ঘুরিয়ে, 'মানে বলছিলাম কি, কিছু মনে না করেন...' ভূমিকা সেরে প্রশ্ন করল, 'আপনার ছুঁচতে অসুবিধা হয় না?'

No comments:

Post a Comment