Friday, 21 July 2017

২০১৭, ২১ জুলাই

পাথুরিয়াঘাটার অধিবাসী মনোরঞ্জন নস্কর তার সংগ্রহের গ্রামোফোন রেকর্ডগুলি মির্জা গালিব স্ট্রিটের একটি দোকানে বিক্রি করে দিয়ে আসেন । কৌতুহলী দোকানদার কারণ জানতে চাইলে সত্তর ছুঁই বৃদ্ধ ছাড়া ছাড়া কথায় উত্তর দিয়েছিলেন, 'পিট সিগার চলে গেলেন, উডি গাথরি, হ্যাঙ্ক উইলিয়ামস, সিসকো, ব্রাউনি এরা তো কবেই চলে গেছে, আমারও দিন শেষ হয়ে এল ; ছেলে কেজি দরে বিক্রি করে দেওয়ার চাইতে দেখলাম কোনও সঙ্গীতপ্রেমীর জন্য যদি রেকর্ডগুলোর ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে ভালোই হয় । ওই আর কি !' 

এই মাত্র বছর তিনেক আগের ঘটনা । পরের বছরই ইহলোক থেকে বিদায় নেন মনোরঞ্জন নস্কর । তার মৃত্যুর তিনমাস আগে, তার বিক্রি করে দেওয়া রেকর্ডগুলি থেকে বেশ কিছু রেকর্ড কিনে নিয়ে যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র অপূর্ব ঘোষ । এরকমভাবে অনেক রেকর্ডই সংগ্রহ করেছে সে । তাদের কলুটোলা লেনের বাড়িতে একটি পুরনো গ্রামোফোন আছে, যার বর্তমান মালিক এখন সে । যদিও গান শোনার সমস্ত প্রকার আধুনিক সরঞ্জাম তার আছে, তবুও সময় অসময়ে বন্ধুবান্ধব এলে তাদের রগড় দেখানোর জন্য ফনোগ্রাফের তলায় কালো চাকতির চক্কর লাগায় । অনভিজ্ঞ বন্ধুরাও বাহবা দেয় । 

যেমন আজ দিচ্ছে, লাইক-কমেন্ট-শেয়ার । তাদের বন্ধু অপূর্ব লিঙ্কিন পার্ক রক ব্যান্ডের গায়ক চেস্টার চার্লস্‌ বেনিংটনের আকস্মিক মৃত্যুর শোকে জর্জরিত হয়ে তার বহুকালের সঞ্চিত লিঙ্কিন পার্কের রেকর্ডের কালেকশানের ছবি দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । রেকর্ডগুলো পাশাপাশি সাজানো, বোঝা যাচ্ছে না আদৌ লিঙ্কিন পার্ক কি না ! তবুও সন্দেহ কিসের, ওর বাড়ি গিয়ে তো দেখে এসেছে কি সব বিদেশি নাম । লিঙ্কিন পার্কই হবে, যে ব্যান্ডটা তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে মাত্র ১৭ বছর আগে । 

No comments:

Post a Comment