Sunday, 2 July 2017

২০১৭, ৩০ মে

সবাই দেখছে যে, কমরেড উলঙ্গ, তবুও
সবাই হাততালি দিচ্ছে ।
সবাই চেঁচিয়ে বলছে ; সেলাম, সেলাম !
কারও হাতে হাতুড়ি, কারও কাস্তে ;
কেউ-বা নিজের চাড্ডি গেঞ্জি লাল আলতায় চুবিয়ে নিয়ে এসেছে ;
কেউ-বা নৈরাজ্যবাদী, কেউ
কলামনিস্ট, রেডিক্যাল, অ্যাক্টিভিস্ট ;
কেউ ভাবছে, এই বুঝি আস্‌লি বিপ্লব, মগজে
ঢুকছে না যদিও, তবুও,
অন্তত হওয়াটা কিছু অসম্ভব নয় ।
তামাশাটা সবাই জানে !
কিন্তু সেই ভিড়ের ভিতরে
শুধুই স্লোগান-উচ্চারক কিছু
আপাদমস্তক বাঁচাল, ফন্দিবাজ অথবা আঁতেল
ক্যাডার ছিল না ।
একটি গরুও ছিল ।
দুগ্ধবতী, সরল, সিন্ধি একটি গরু ।
নেমেছে ডায়াস ছেড়ে কমরেড প্রকাশ্য রাস্তায় ।
আবার হাততালি উঠছে, সঙ্গে স্লোগান ;
জমে উঠছে
ক্যাডারদের ভিড় ।
কিন্তু সেই গরুটিকে আমি
ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না ।
গরুটি কোথায় গেল ? কেউ কি কোথাও তাকে
গোয়াল ঘরে বেঁধে
লুকিয়ে রেখেছে ?
নাকি সে ভুষি-খুদ-খড় খেয়ে দেয়ে
ঘুমিয়ে গেছে
কোনো গেরস্ত
বাড়ির উঠানে, কিংবা একান্তে দাঁড়িয়ে জাবর কাটছে ?
যাও, তাকে যেমন করেই হোক
ধরে আনো ।
সে এসে একবার এই উলঙ্গ কমরেডের সামনে
নির্ভয়ে দাঁড়াক ।
সে এসে একবার এই স্লোগানের ঊর্ধ্বে গলা তুলে
জিজ্ঞাসা করুক :
হাম্বাআআআআআআআ...

কৃতজ্ঞতা স্বীকার - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
অনুপ্রেরণায় - তমোঘ্ন হালদার

No comments:

Post a Comment